গরু ‘হত্যা’ রোধে ভারতের গুজরাট বিধানসভায় আজ শ্রক্রবার বিল পাশ হয়েছে। বিলে সাজার মাত্রা আরও কঠোর করা হয়েছে। এতোদিন গো-নিধনে সাত বছরের কারাবাসের সাজা হত। নয়া বিলে তা বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়েছে।
এতোদিন চালু থাকা বিলে সংশোধন ঘটানোর ফলে গোরক্ষায় দেশের মধ্যে সবচেয়ে জোরালো আইন হচ্ছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর রাজ্যেই। যে সংশোধনীগুলো আনা হয়েছে সেগুলোর অন্যতম হলো, গোহত্যায় ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা ধার্য হবে। গরুর গোশত পরিবহনে ১০ বছর পর্যন্ত জেল। এছাড়া গোহত্যাকে জামিন-অযোগ্য ও ধর্তব্যযোগ্য অপরাধ বলেও ধরা হতে পারে।
গুজরাটে বিধানসভা ভোট এগিয়ে আসতে পারে বলে জল্পনার মধ্যেই পাশ হল নতুন বিলটি। রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির সাম্প্রতিক সময়ের বিভিন্ন ভাষণেও বারবার উল্লিখিত হয়েছে গোহত্যা রোধের বিষয়টি।
গত ১২ মার্চ এক অনুষ্ঠানে রুপানি বলেন, ‘গোরক্ষায় গুজরাটে আইন আনার জন্য সুপ্রিম কোর্টে মামলা লড়তে হয়েছে আমাদের। এবার আইনটা আরও কঠোর করতে চাই আমরা। বিধানসভার চলতি বাজেট অধিবেশনেই বিল আনব।’ তারও কয়েকদিন আগে তিনি জানিয়েছিলেন, ‘গাও, গঙ্গা, গীতা রক্ষায় বিজেপি দায়বদ্ধ।’
উত্তরপ্রদেশে দলের অভূতপূর্ব সাফল্যের পর গুজরাটে এ বিলটি আনা হলো। বিজেপি মনে করছে, গোনিধন রোধের ইস্যুতে বড় সাফল্য আসতে পারে গুজরাট ভোটে।
২০১১ সালে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে গুজরাট পশু সংরক্ষণ আইন, ১৯৫৪ সংশোধন করে গোহত্যা, গরুর গোশত গাড়িতে পাঠানো পুরোপুরি নিষিদ্ধ ঘোষিত হয়।
সূত্র: এনডিটিভি

No comments:
Post a Comment